বাংলাদেশের খবর

কমলাপুর রেলস্টেশনের মনিটরে এবার অশ্লীল ভিডিও প্রদর্শন

Published

on

কমলাপুর রেলস্টেশনের ট্রেনসংক্রান্ত তথ্য প্রচারের ডিজিটাল মনিটরে অশ্লীল ভিডিও প্রচারের অভিযোগ উঠেছে। গত শুক্রবার গভীর রাতে অশ্লীল ভিডিও প্রচার শুরু হলে উপস্থিত যাত্রীরা সেটি ভেঙে দেন। এই ডিজিটাল মনিটরে কোন ট্রেন কখন ছাড়বে, কখন পৌঁছাবে এ–সংক্রান্ত তথ্য প্রদর্শন করা হয়।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কমলাপুর ও খুলনা রেলস্টেশনের প্রবেশমুখে দুবার ডিজিটাল মনিটরে বিতর্কিত বিষয় প্রদর্শনের ঘটনা ঘটে। গত ২৬ অক্টোবর সকালে কমলাপুর স্টেশনের প্রবেশপথের এলইডি স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা ভেসে ওঠার ঘটনা ঘটে।

১৪ ডিসেম্বর সন্ধ্যার পর খুলনা রেলস্টেশনের মূল ফটকে ডিজিটাল বোর্ডে হঠাৎ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে নিয়ে একটি লেখা প্রচার হতে থাকে। সেখানে লেখা ছিল, ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে।’

রেলওয়ে সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ২টা ৫ মিনিটের দিকে হঠাৎ ডিজিটাল মনিটরে অশ্লীল ভিডিও চলতে শুরু করে। প্রায় ২০ মিনিটের বেশি সময় ধরে চলেছে। এ সময় যাত্রীরা বিব্রত ও ক্ষুব্ধ হন। উপস্থিত লোকজন এটি বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে এক যাত্রী পাথর ছুড়ে ডিজিটাল মনিটর ভেঙে ফেলেন।

এ ঘটনা তদন্তে রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তাকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে। রেলওয়ে সূত্র আরও জানায়, রেলস্টেশনের ডিজিটাল মনিটর ও বোর্ডগুলো সংস্থাটির সংকেত বিভাগের তত্ত্বাবধানে চলে। কিছু কিছু মনিটর পরিচালিত হয় টিকিট বিক্রির দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান সহজ ডটকমের অধীনে।

Trending

Exit mobile version